পঞ্চগড়ে বিদ্যালয়ের ২৪ দোকান অবৈধ দখলের প্রতিবাদে মানববন্ধন
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৮, ২০২৬
আসাদুজ্জামান আপেল, পঞ্চগড়
পঞ্চগড়ের জগদল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জগদল উচ্চ বিদ্যালয়ের ২৪টি দোকানঘর অবৈধভাবে দখলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বিদ্যালয়ের সামনের পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। মানববন্ধনে বক্তব্য রাখেন জগদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য বেলাল হোসেন রায়হান এবং শিক্ষার্থী শামিম হোসেন ও সামির ইসলাম। বক্তারা অভিযোগ করে বলেন, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও অবকাঠামো উন্নয়নের জন্য প্রায় ৬০ বছর ধরে নিয়মিত ভাড়ার বিনিময়ে দোকানঘরগুলো পরিচালিত হয়ে আসছিল। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর একটি কুচক্রী মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই দোকানগুলো জোরপূর্বক দখল করে নিয়েছে। এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট অবিলম্বে দোকানগুলো উদ্ধারের দাবি জানান। যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

