মায়ের অসুস্থতার খবরে ঢাকা থেকে ফেরার পথে সন্তানের মৃত্যু

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৮, ২০২৬

মায়ের অসুস্থতার খবরে ঢাকা থেকে ফেরার পথে সন্তানের মৃত্যুমোঃ নাঈম উদ্দীন জীবননগর প্রতিনিধি, চুয়াডাঙ্গা   ​হাসপাতালের বিছানায় শুয়ে ৯০ বছর বয়সী বৃদ্ধা মা ব্যাকুল হয়ে অপেক্ষা করছিলেন প্রিয় সন্তানের জন্য; মায়ের প্রত্যাশা ছিল, ছেলে এলেই বুঝি সব কষ্ট দূর হবে। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে মায়ের সঙ্গে আর দেখা হলো না চাকুরিজীবী ফরিদ আলির। মাকে দেখার আগেই মাঝপথে মৃত্যু তাকে কেড়ে নিল। ঘটনাটি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার। জানা যায়, দীর্ঘদিন ঢাকায় কর্মরত ফরিদ আলি (৫০) তার অসুস্থ মাকে দেখতে কর্মস্থল থেকে গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফিরছিলেন। তিনি উপজেলার চারুলিয়া গ্রামের প্রয়াত শিক্ষক নজরুল ইসলাম মাস্টারের ছেলে। দামুড়হুদা বাসস্ট্যান্ডে নেমে অসুস্থ মা ও স্বজনদের কাছে পৌঁছানোর আগেই পাবলিক টয়লেটে আকস্মিক স্ট্রোক করে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। স্থানীয়রা দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যে হাসপাতালে মা চিকিৎসাধীন ছিলেন, সেখান থেকে অল্প দূরত্বেই ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। মায়ের কাছে ছেলের মৃত্যুর খবর পৌঁছানোর পর হাসপাতালের বাতাস ভারী হয়ে ওঠে বৃদ্ধার বুকফাটা আর্তনাদে। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের মতে, কর্মব্যস্ত জীবনেও মা ও মাটির প্রতি ফরিদ আলির টান ছিল অপরিসীম। বিনয়ী ও অমায়িক স্বভাবের এই ব্যক্তির এমন অকাল প্রয়াণে চারুলিয়া গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে নিজ গ্রাম চারুলিয়ায় পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।