নোয়াখালীর স্কুলে ইভটিজিং: তিন যুবক আটক, দুই ছাত্রী বহিষ্কৃত
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৮, ২০২৬
প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ,নোয়াখালী
নোয়াখালীর সেনবাগ উপজেলার চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে ইভটিজিংয়ের ঘটনায় তিন বহিরাগত যুবককে আটক এবং জড়িত দুই ছাত্রীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে বিদ্যালয় চলাকালীন সময়ে বহিরাগতদের সন্দেহজনক উপস্থিতি ও ছাত্রীদের সাথে অনাকাঙ্ক্ষিত আচরণের বিষয়টি নজরে আসার পর বিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়। আটককৃতরা হলো—চাঁদপুর গ্রামের মেহেদী হাসান দুলাল (১৭), আবু ইউছুপ ফাহিম (১৮) ও মাসুদুল ইসলাম (১৮)। একই ঘটনায় বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অষ্টম শ্রেণির ছাত্রী মমিতা ইসলাম ও সুমাইয়া আক্তার প্রীতিকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আটক তিনজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন ইকবাল বলেন, “বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে আমরা আপসহীন এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সেনবাগ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।” এদিকে এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগতদের অবাধ প্রবেশ বন্ধে কর্তৃপক্ষের কঠোর নজরদারির দাবি উঠেছে। সেনবাগ থানা পুলিশ জানিয়েছে, বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়া চলমান রয়েছে। যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

