হাওলাতি টাকার দ্বন্দ্বে জামায়াতকর্মী হত্যা: প্রমাণ লোপাটে মরদেহে আগুন, গ্রেপ্তার ৩

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৭, ২০২৬

হাওলাতি টাকার দ্বন্দ্বে জামায়াতকর্মী হত্যা: প্রমাণ লোপাটে মরদেহে আগুন, গ্রেপ্তার ৩নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী   ​রাজবাড়ীর কালুখালীতে আশাদুল ইসলাম নামে এক তরুণকে হত্যার পর তার মরদেহে অগ্নিসংযোগের চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। পাওনা টাকা পরিশোধ নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ​গ্রেপ্তারকৃতরা হলেন—কালুখালী উপজেলার মো. মিজান শেখ (২৪), মো. আনোয়ার মন্ডল (৪৪) এবং মো. আব্দুল করিম মোল্লা (৩৫)। ​নিহত আশাদুল ইসলাম (২২) কালুখালীর বিল মানুষমারী গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে। তিনি রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামীর কর্মী ছিলেন। ​তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত সোমবার (১৫ জুন) সকালে কালুখালীর মদাপুর ইউনিয়নের সূর্য্যদিয়া গ্রামের একটি মাদ্রাসার পেছনে পাটক্ষেতে আশাদুলের দগ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। নিহতের শরীরে পোড়া চিহ্ন থাকায় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এ ঘটনায় নিহতের বাবা শাহজাহান মন্ডল বাদী হয়ে কালুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ​মামলাটি দায়ের হওয়ার পর রাজবাড়ী জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) ঘটনার ছায়া তদন্তে নামে। দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের মূল কারণ। পুলিশ জানায়, প্রায় চার মাস আগে আসামি মিজান শেখের কাছ থেকে ৬৮ হাজার টাকা ধার নিয়েছিলেন আশাদুল। সেই ধারের টাকা সময়মতো ফেরত দিতে না পারায় তাদের মধ্যে দীর্ঘদিনের রেষারেষি তৈরি হয়। এই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে আশাদুলকে ডেকে নিয়ে হত্যা করা হয় এবং খুনের ঘটনা ধামাচাপা দিতে মরদেহে আগুন ধরিয়ে দেয় ঘাতকরা। ​রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. শামসুল হক জানান, রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মঙ্গলবার (১৬ জুন) অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. মিজান শেখ আদালতে ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ​অভিযানকালে আসামিদের হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল, রক্তমাখা হেলমেট, একটি এসএস পাইপ ও একটি লোহার ফোল্ডিং স্টিক জব্দ করা হয়েছে। ​পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃত তিন আসামিকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক অন্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।