নওগাঁয় অপরাধ সভায় পুলিশ সুপারের কঠোর নির্দেশনা

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৭, ২০২৬

নওগাঁয় অপরাধ সভায় পুলিশ সুপারের কঠোর নির্দেশনাআজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার ​নওগাঁ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও পুলিশি কার্যক্রমের গতিশীলতা বাড়াতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি, মামলা নিষ্পত্তি এবং গ্রেফতারি পরোয়ানা তামিলের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় পুলিশি কার্যক্রমের পাশাপাশি আন্তঃসংস্থা সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়, যেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৪ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মামুনসহ স্বাস্থ্য বিভাগ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, টুরিস্ট পুলিশ, পিবিআই এবং সিআইডি’র ঊর্ধ্বতন প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় পুলিশ সুপার উপস্থিত সব থানার ওসি ও কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মামলার তদন্তের গুণগত মান নিশ্চিত করতে হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পুলিশকে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে দ্রুত গ্রেফতারি পরোয়ানা তামিল এবং অপরাধ দমনে কোনো ধরনের ছাড় না দেওয়ার জন্য তিনি কঠোর নির্দেশনা প্রদান করেন। সভার শেষ পর্যায়ে বিগত মাসে দায়িত্ব পালনে বিশেষ অবদান ও কৃতিত্বপূর্ণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট শাখার দায়িত্বরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।