ঈশ্বরদীতে অস্ত্র ও ইয়াবাসহ পুলিশ হত্যা মামলার আসামি আটক

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৭, ২০২৬

ঈশ্বরদীতে অস্ত্র ও ইয়াবাসহ পুলিশ হত্যা মামলার আসামি আটকমোঃ জাহাঙ্গীর আলম, পাবনা প্রতিনিধি   ​ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন থেকে পুলিশ হত্যা মামলার অন্যতম আসামি রাজিব হোসেন সেতুকে (৩২) অস্ত্র ও ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পাকশীর বাবুপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রাজিব হোসেন সেতু পাকশী ইউনিয়নের বাবুপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং স্থানীয় স্বেচ্ছাসেবক দলের ৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি হিসেবে পরিচিত। পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এবিএম মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত সেতুর কাছ থেকে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড তাজা কার্তুজ এবং ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সেতু ২০১৫ সালের ৪ অক্টোবর পাকশী পুলিশ ফাঁড়িতে কর্মরত এটিএসআই সুজাউল ইসলাম হত্যা মামলার অন্যতম প্রধান আসামি। দীর্ঘ সময় ধরে সে পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী পরিচয়ে ঈশ্বরদী ইপিজেডসহ আশপাশের এলাকায় অস্ত্রবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সরকারি-বেসরকারি অফিস ও জমি দখল এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তাকে ঈশ্বরদী থানা হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।