রাসিক প্রশাসকের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জুন ১৬, ২০২৬
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এক মতবিনিময় সভায় তাঁরা রাজশাহী মহানগরীকে সবুজ, পরিবেশবান্ধব, স্মার্ট, স্বাস্থ্যকর, নিরাপদ ও জলবায়ু-সহনশীল আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সাক্ষাৎকালে রাসিক প্রশাসক শুরুতেই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান এবং মতবিনিময় শেষে তাঁর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। এসময় রাষ্ট্রদূত রাসিকের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে মন্তব্য লিপিবদ্ধ করেন। মতবিনিময় সভায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান ও পলিটিক্যাল অফিসার চার্লস বেসনার্ড। এছাড়া রাসিকের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলমসহ কর্পোরেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

