গোপালগঞ্জে কাল প্রাণিপ্রেমীদের মিলনমেলা ও অসহায় প্রাণীদের আহার কর্মসূচি।

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: ডিসেম্বর ১৯, ২০২৫

গোপালগঞ্জে কাল প্রাণিপ্রেমীদের মিলনমেলা ও অসহায় প্রাণীদের আহার কর্মসূচি।রাতুল আহম্মেদ স্টাফ রিপোর্টারঃ   গোপালগঞ্জে রাস্তার অসহায় ও বিপদগ্রস্ত প্রাণীদের সেবায় এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে প্রাণিপ্রেমী সংগঠন Bangladesh Feline Welfare (BFW)-এর শাখা "Animal's Rescue Team Gopalganj"। আগামীকাল ২০শে ডিসেম্বর (শনিবার) পুরো গোপালগঞ্জ শহরজুড়ে রাস্তার প্রাণীদের খাবার বিতরণ এবং প্রাণিপ্রেমীদের নিয়ে এক বিশেষ মিলনমেলার আয়োজন করা হয়েছে। উক্ত কর্মসূচি সম্পর্কে সংগঠনের সভাপতি সুমাইয়া পারভীন বলেন, "আমাদের লক্ষ্য শুধু প্রাণীদের খাওয়ানো নয়, বরং মানুষের মনে প্রাণীদের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা জাগিয়ে তোলা। এই মিলনমেলার মাধ্যমে আমরা জেলার সকল প্রাণিপ্রেমীদের এক সুতোয় বাঁধতে চাই।" সাধারণ সম্পাদক লিজা হাসান জানান, "রাস্তার প্রাণীরা আমাদের সমাজেরই অংশ। তাদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আগামীকালকের এই আয়োজন আমাদের ভবিষ্যৎ কার্যক্রমের একটি ক্ষুদ্র সূচনা মাত্র।" সংগঠনটির প্রতিষ্ঠাতা বাপ্পি ফকির বলেন, "বিপদগ্রস্ত প্রাণীদের সেবা করাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন যা সাধারণ মানুষের ভালোবাসায় এবং ডোনেশনে পরিচালিত হয়। তাই আমি সমাজের সর্বস্তরের মানুষকে আমাদের এই মানবিক কাজে পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানাই। আমাদের কর্মসূচি আগামীকাল সকাল ১১টা থেকে শুরু হবে। আমরা পুরো গোপালগঞ্জ শহরজুড়ে—অলিগলি, খেলার মাঠ, কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে রাস্তার প্রতিটি প্রান্তে পৌঁছে যাবো এবং বিপদগ্রস্ত প্রাণীদের আহার ও সেবা দেব। আপাতত আমরা একটি জেলা নিয়ে কাজ শুরু করলেও, আমাদের স্বপ্ন হলো পর্যায়ক্রমে সারা বাংলাদেশের প্রতিটি অসহায় প্রাণীর জন্য কাজ করা ইনশাআল্লাহ। আমাদের সদস্যদের একতা ও পরিশ্রমই এই লক্ষ্য পূরণের মূল শক্তি।" কর্মসূচিতে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের পাশাপাশি উপস্থিত থাকবেন সংগঠনের একঝাঁক উদ্যমী সদস্য এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাণিপ্রেমীবৃন্দ। সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচিটি একটি সার্থক ও ফলপ্রসূ আয়োজনে পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল সকাল ১১ টায় গোপালগঞ্জ শহরে এই কার্যক্রম শুরু হয়ে দিনব্যাপী চলবে।

যোগাযোগ: ইস্টার্ন হাউজিং (আলুবদী রোড), পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।