হাফিজুল ইসলাম লস্কর, সিলেটঃ
সারাদেশের ন্যায় সিলেটেও যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৭ নভেম্বরের ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (০৭/১১/২৬) দিনব্যাপী সিলেট জেলা প্রশাসন, সিলেট সিটি করপোরেশন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দোয়া মাহফিল।
দিনের শুরুতে সিলেট জেলা প্রশাসন, সিলেট জেলা পরিষদ, সিলেট সিটি করপোরেশন, জেলা শিল্পকলা একাডেমি এবং সিলেট জেলা ও মহানগর বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক পৃথক র্যালি বের করা হয়।
শিল্পকলা একাডেমিতে সরকারি আয়োজন:
সকালে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারওয়ার মুর্শেদ শামীম, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ:
এদিকে বিকেল সাড়ে ৪টায় সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্ট থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়। র্যালিটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এর আগে রেজিস্ট্রারি মাঠে আয়োজিত সমাবেশে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এতে বিশেষ অতিথির বক্তব্য দেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এমপি এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, সংসদ সদস্য এমএ মালিক, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক ও মহানগর বিএনপির সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম।
সমাবেশে সিলেট জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া দিবসটি উপলক্ষে জেলা ও মহানগরের আওতাধীন সকল থানা, ওয়ার্ড, উপজেলা ও পৌর ইউনিটেও পৃথকভাবে র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেটের কর্মসূচি:
সিলেট সদর উপজেলার বাদাঘাট এলাকায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমিতেও দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। সকালে একাডেমির মেইন মাস্টে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা ঘটে।
পরবর্তীতে শীবেরবাজার এলাকার জামেয়া ওয়াহিদিয়া এতিমখানায় শিশুদের মধ্যে খাবার বিতরণ এবং ক্যাডেট ব্লকে বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বাদ যোহর একাডেমির জামে মসজিদে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেরিন একাডেমির কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী ও ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।