নানিয়ারচর (রাঙ্গামাটি): রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ১৮ এপ্রিল ২০২৬ (শনিবার) নানিয়ারচর জোন কর্তৃক বুড়িঘাট ইউনিয়নের ‘বুড়িঘাট আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের বুড়িঘাট আর্মি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. সামিউল ইসলাম সিয়াম। অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধান অতিথি বলেন:
“তোমাদের মনোযোগ সহকারে পড়াশোনা করে সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলা বজায় রাখা জরুরি। তোমরাই আগামীর ভবিষ্যৎ, তাই দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে নিজেদের এখন থেকেই প্রস্তুত করতে হবে।”
আলোচনা সভা শেষে নানিয়ারচর জোনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সহায়ক বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। সেনাবাহিনীর এই মানবিক ও শিক্ষা সহায়ক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোনের পক্ষ থেকে জানানো হয়।