রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে পারিবারিক সুখ-শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ ধর্মীয় দানানুষ্ঠানের আয়োজন করেছেন রেটকাবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষ্মী কুমার চাকমা।
শনিবার (১৮ এপ্রিল) সকালে সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্বপাড়া বালুঘাট এলাকায় নিজ বাসভবনে তিনি এই পুণ্যময় অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে স্থানীয় বাঘাইহাট বনানী বন বিহারের বিহার অধ্যক্ষ, পরম পূজ্য শ্রদ্ধেয় কৃপারত্ন ভান্তেকে নিমন্ত্রণ জানানো হয়। ধর্মীয় শাস্ত্রীয় বিধান মতে বৌদ্ধ ভিক্ষুর উপস্থিতিতে শুরু হয় মূল আচার। অনুষ্ঠানে বুদ্ধমূর্তি দান, সংঘদান ও অষ্টপরিষ্কার দানসহ নানাবিধ উৎসর্গ করা হয়।
অনুষ্ঠানে সমবেত পুণ্যার্থীদের উদ্দেশে বুদ্ধের অমিয় বাণী প্রচার ও সূত্র পাঠের মাধ্যমে ধর্মদেশনা প্রদান করেন শ্রদ্ধেয় কৃপারত্ন ভান্তে। তিনি দান ও ত্যাগের মাধ্যমে জীবনের প্রকৃত সুখ ও আধ্যাত্মিক উন্নতির গুরুত্ব তুলে ধরেন।
পরে প্রধান শিক্ষক লক্ষ্মী কুমার চাকমা ও তাঁর পরিবারের সদস্যরা ভিক্ষুকে দান সামগ্রী প্রদান করেন। বৌদ্ধ ধর্মমতে, এই দানকার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুণ্যকর্ম হিসেবে বিবেচিত। এই অনুষ্ঠানে পরিবারের সদস্যরা ছাড়াও আত্মীয়-স্বজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজক লক্ষ্মী কুমার চাকমা বলেন:
”পরিবারের সবার মঙ্গল ও মানসিক শান্তির কামনায় আজকের এই আয়োজন। বড়দের আশীর্বাদ ও ধর্মীয় আচারের মধ্য দিয়ে যে আত্মিক প্রশান্তি পাওয়া যায়, তা অতুলনীয়। ভবিষ্যতে আমরা এ ধরনের ধর্মীয় ধারা অব্যাহত রাখার চেষ্টা করব।”
স্থানীয় বাসিন্দাদের মতে, সাজেক অঞ্চলের মনোরম পরিবেশে এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন নিয়মিত হয়ে থাকে। এটি শুধু ব্যক্তিগত শান্তি নয়, বরং এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যকে আরও সুদৃঢ় ও সমৃদ্ধ করছে।