চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৬, শনিবার
চুয়াডাঙ্গা: তীব্র তাপপ্রবাহ আর ভ্যাপসা গরমের মাঝে চুয়াডাঙ্গা জেলা জুড়ে শুরু হয়েছে ভয়াবহ লোডশেডিং। জ্বালানি সংকটের কারণে চাহিদার তুলনায় গড়ে ৩৫ থেকে ৪৬ শতাংশ বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। ফলে প্রায় প্রতি এক ঘণ্টা অন্তর লোডশেডিং হওয়ায় জেলাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
শহর থেকে গ্রাম—সর্বত্রই চিত্র একই। স্থানীয়দের অভিযোগ, দিন ও রাত মিলিয়ে ১২ থেকে ১৫ বার, এমনকি কোনো কোনো এলাকায় তার চেয়েও বেশি বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। সেহরি, ইফতার ও গভীর রাতেও নিস্তার মিলছে না লোডশেডিং থেকে। বর্তমানে পঞ্চম শ্রেণির পরীক্ষা চলায় শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছে; পরীক্ষার হলের গুমোট গরমে ব্যাহত হচ্ছে একাগ্রতা। সবচেয়ে বেশি কষ্টে আছে শিশু ও শ্রমজীবী মানুষ। রাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় ঘুমের ব্যাঘাত ঘটছে, আর মশার উপদ্রব সহ্য করেও অনেকে গরমের হাত থেকে বাঁচতে বাড়ির বাইরে রাত কাটাচ্ছেন। এতে বাড়ছে নানা রোগব্যাধির ঝুঁকি।
ব্যবসায়ীদের ক্ষোভ ও লোকসানের শঙ্কা
ব্যবসায়ীরা জানান, সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশনার কারণে এমনিতেই বেচাকেনা সীমিত হয়ে পড়েছে। তার ওপর দিনভর লোডশেডিংয়ের ফলে ক্রেতারা মার্কেটে আসছেন না। দর্শনা রেলবাজার এলাকার ব্যবসায়ী শিপন আলী বলেন, “ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং হচ্ছে। এই পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়ছে।”
কম্পিউটার ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান ও রাজু মল্লিক বলেন, “নির্দিষ্ট সময়সূচি ছাড়া লোডশেডিংয়ের কারণে ডিজিটাল কাজগুলো সময়মতো শেষ করা যাচ্ছে না। বিদ্যুৎ থাকলে কাজ থাকে না, আবার কাজ এলে বিদ্যুৎ চলে যায়।” চা দোকানি ওবায়দুর ও আসিফ জানান, এখন বিদ্যুতের ওপর নির্ভরশীলতা বাড়লেও ঘনঘন লোডশেডিংয়ে ব্যবসায় ধস নেমেছে।
কৃষিতে সেচ সংকট
মাঠে ইরি-বোরো ধান কাটার সময় ঘনিয়ে এলেও সেচ সংকটে দিশেহারা কৃষকরা। কৃষক আবু সামার ও রবিউল ইসলাম জানান, বোরো ও আউশ ধানের জন্য এখন পানির খুব প্রয়োজন, কিন্তু বিদ্যুৎ না থাকায় সেচযন্ত্র চালানো যাচ্ছে না। এছাড়া লো-ভোল্টেজের কারণে সেচ পাম্প নষ্ট হওয়ার ঝুঁকিও বাড়ছে। বিশেষ করে পল্লী বিদ্যুৎ এলাকায় ভোগান্তি চরমে।
কর্তৃপক্ষের বক্তব্য
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে বিদ্যুৎ উৎপাদনের প্রধান উপাদান গ্যাস ও কয়লার চরম সংকট দেখা দিয়েছে। দেশে প্রায় ২৯ হাজার মেগাওয়াট উৎপাদন সক্ষমতা থাকলেও জ্বালানির অভাবে তা কাজে লাগানো যাচ্ছে না। বর্তমানে সরকারি হিসাবে ঘাটতি প্রায় ২ হাজার মেগাওয়াট।
পিজিসিবি ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান জানান, জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় কম সরবরাহ পাওয়ায় লোডশেডিং দিয়ে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
চুয়াডাঙ্গা জেলা বিদ্যুৎ বিভাগের এজিএম আলহাজ উদ্দীন সেখ বলেন, “বর্তমানে চাহিদার মাত্র অর্ধেক বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। জাতীয় গ্রিড থেকে সরবরাহ না বাড়লে আমাদের আসলে কিছুই করার নেই।”