মো. ইকবাল হোসেন, লালমোহন প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় মো. নয়ন (১৭) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। ঘটনার পর প্রধান অভিযুক্ত মো. আবদুল্লাহ আল মানিক (১৭) ধারালো অস্ত্রসহ থানায় আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর প্রায় ১টার দিকে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর রোড এলাকায়, ফখরুল ইসলাম সাহেবের বাসার বিপরীত পাশের বালির মাঠে এ ঘটনা ঘটে।
নিহত মো. নয়ন লালমোহন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ট্রান্সপোর্ট ব্যবসায়ী সালাউদ্দিনের ছেলে। তিনি ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। অভিযুক্ত মো. আবদুল্লাহ আল মানিক লাঙ্গলখালী আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তার পিতা আলাউদ্দিন। তাদের বাড়ি লালমোহন সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর মানিক ধারালো অস্ত্রসহ লালমোহন থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ তাকে হেফাজতে নিয়েছে।
প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, ব্যক্তিগত বা প্রেমঘটিত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে এ বিষয়ে পুলিশ এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।