মোঃ সুমন চৌধুরী, তানোর (রাজশাহী) প্রতিনিধি:
সামান্য বৃষ্টিতেই রাজশাহীর তানোর পৌর সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথে হাঁটু পানি জমে গেছে। পানি জমে থাকার কারণে শিক্ষার্থীরা স্কুলে আসতে পারছে না। শনিবার সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে দিকে সামান্য পরিমাণ বৃষ্টি হয়। আর এই বৃষ্টিতেই স্কুলের রাস্তায় হাঁটু পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া ধানতৈড় গ্রামের উত্তর-পশ্চিম পাড়ায় পানি বের হওয়ার ড্রেনের মুখ বন্ধ করে দেন প্রবাসী জামিনুরের স্ত্রী রোজিনা। এতে ২০ থেকে ২৫টি পরিবার পানিবন্দি হয়ে পড়ে। তবে দুপুরের দিকে সাবেক ছাত্রদলের সভাপতি আব্দুল মালেক, কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান এবং আনারুল মাস্টারের একান্ত প্রচেষ্টায় ও গ্রামবাসীদের সহায়তায় পানি বের করার ব্যবস্থা করা হয়। এতে বন্দি পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরে আসে।
জানা গেছে, বুধবার সকাল সাতটার দিকে সামান্য বৃষ্টি হয়। সামান্য বৃষ্টিতে সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও হিন্দুপাড়া যাওয়ার রাস্তায় হাঁটু পানি জমে যায়। পানি জমে থাকার কারণে রাস্তা দিয়ে কোমলমতি শিশু শিক্ষার্থীরা চলাচল করতে পারছে না। শিশু শিক্ষার্থী সাইকা, হালিমা, সোহান, হানজালাসহ অনেকে জানায়, বৃষ্টির কারণে তারা স্কুলে যেতে পারেনি, কারণ রাস্তায় পানি জমে থাকে এবং হাঁটা যায় না।
শিক্ষকরা জানান, রাস্তার পশ্চিম দিকে নেপালের দোকান থেকে অনন্তর দোকান পর্যন্ত ড্রেন আছে। কিন্তু ড্রেনটি আবর্জনায় ভর্তি হয়ে আছে। এছাড়াও বিলাশের চায়ের স্টল থেকে হিন্দুপাড়ার ভেতর দিয়ে ড্রেন থাকলেও পানি বের হয় না; ড্রেনের তুলনায় রাস্তা নিচু হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চললেও পৌর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। শিশু শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা দরকার।
দোকানি মান্নান, নেপাল ও বিলাস জানান, থানা মোড় থেকে উপজেলা যাওয়ার রাস্তাটি উঁচু, কিন্তু স্কুলে ও হিন্দুপাড়া গ্রামে যাওয়ার রাস্তাটি নিচু। বৃষ্টি হলেই থানা মোড় থেকে রাস্তার পানি এই রাস্তায় চলে আসে। ড্রেনটি দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় ভরে আছে। পৌর সদরের রাস্তার এমন দুরাবস্থা থাকলেও কর্তৃপক্ষ উদাসীন।
হিন্দুপাড়া গ্রামের সুজন, নয়ন, সাগর, বিপুল, বিজয়সহ অনেকে জানান, বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে থাকে। রাস্তার ড্রেন পরিষ্কার করে সেখানে পচা কাদা ও আবর্জনা ফেলা হয়, যার কারণে পাকা রাস্তা কাদা মাটিতে রূপান্তর হয়ে পড়ে। দীর্ঘ সময় রাস্তা সংস্কার না করায় পৌরসভার গ্রামীণ রাস্তাগুলোর অবস্থা বেগতিক।
স্কুলের রাস্তার জলাবদ্ধতার বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান জানান, অল্প কয়েকদিনের মধ্যেই জলাবদ্ধতা দূর করা হবে।এদিকে ধানতৈড় গ্রামের উত্তর-পশ্চিম পাড়ায় পানি বের হতে না দেওয়ায় রাস্তায় হাঁটু পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সংবাদ পেয়ে সাবেক ছাত্রদলের সভাপতি আব্দুল মালেক মণ্ডল গ্রামবাসীদের সহায়তায় পানি বের করে চলাচলের ব্যবস্থা করেন ।