জুলাইয়ের চেতনা’ ও স্মৃতির স্মরণে রুয়েটে বৃক্ষরোপণ: ক্যাম্পাসে ৫ হাজার গাছ লাগানোর উদ্যোগ:
আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:
জুলাইয়ের চেতনা ও শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পালিত হলো বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি। রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে ক্যাম্পাসের পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নের অংশ হিসেবে এই মহতী উদ্যোগ নেওয়া হয়।
রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ২৪টি বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। প্রতিটি চারা রোপণের মাধ্যমে জুলাই আন্দোলনের বীর শহীদদের অসীম ত্যাগের প্রতি সম্মান জানানো হয় এবং প্রকৃতিকে সজীব রাখার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
এদিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা বৃক্ষরোপণ কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কৃষ্ণচূড়া, সোনালু, জারুলসহ পরিবেশবান্ধব ও ছায়া প্রদানকারী এসব গাছ লাগানো হয়। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এই পরিবেশবান্ধব কর্মসূচি ক্যাম্পাস প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
৫ হাজার গাছের লক্ষ্যমাত্রা শুধু এই কর্মসূচি নয়, পরিবেশগত ভারসাম্য রক্ষায় রুয়েট প্রশাসন আরও বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো ক্যাম্পাসকে সবুজায়নের আওতায় আনতে খুব শীঘ্রই ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আরও ৫ হাজার বৃক্ষ রোপণ করা হবে। শিক্ষার্থীদের মাধ্যমে এই গাছগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হবে বলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয়।
জুলাইয়ের চেতনা আমাদের নতুন করে বাঁচার প্রেরণা দেয়। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের মাধ্যমে আমরা যেমন প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে পারি, তেমনি শহীদদের স্মৃতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করছি। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসের সবুজায়ন বজায় রাখতে তারা নিয়মিত তদারকি করবেন। রুয়েট ক্যাম্পাসে এমন পরিবেশবান্ধব উদ্যোগের ফলে আগামী প্রজন্ম একটি পরিচ্ছন্ন ও নির্মল শিক্ষাঙ্গন পাবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।