নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া:
কুষ্টিয়া জজ কোর্টের সিনিয়র আইনজীবী এবং জেলার বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ অ্যাডভোকেট মো: লিয়াকত আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ১৩ জুলাই ২০২৬, সোমবার ভোরে কুষ্টিয়া শহরের থানাপাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
১৯৪৯ সালের ১০ এপ্রিল জন্মগ্রহণ করা এই কীর্তিমান ব্যক্তি কর্মজীবনে বহুবিধ সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কুষ্টিয়া শহর থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘দেশব্রতী’ পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ভাষা আন্দোলনের অন্যতম সংগঠন ‘তমদ্দুন মজলিস’-এর কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি কুষ্টিয়া বড় জামে মসজিদের সেক্রেটারি, কুষ্টিয়া জেলা সমবায় সমিতির সভাপতি এবং ইমাম গাজ্জালী এনজিওর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কুষ্টিয়া ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি ও লাইফ মেম্বার ছিলেন। রাজনৈতিক অঙ্গনে তিনি ফ্রিডম পার্টির কুষ্টিয়া অঞ্চলের সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বিশিষ্ট বিএনপি নেতা মির্জা আব্বাসের ভাইরা।
গভীর শোক প্রকাশ:
মরহুমের মৃত্যুতে ‘ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আল-আমিন মোল্যা এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা সুমন এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, দুই ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কুষ্টিয়ার আইন ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।