উপজেলা প্রতিনিধি ঝিনাইদহ সদর: মোঃ রানা
ঝিনাইদহ সদর উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের চরখাজুরা গ্রামের 'ঝিনুক মালা আবাসন প্রকল্পে' এই ঘটনা ঘটে। নিহত বিল্লাল মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার দেওলি গ্রামের বরকত আলী বিশ্বাসের ছেলে। তিনি মাত্র সাত দিন আগে ওই আবাসন প্রকল্পে একটি ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে অভিযুক্ত বিল্লাল মিষ্টি খাওয়ার প্রলোভন দেখিয়ে ওই শিশুকে তার কক্ষে ডেকে নেন। পরে শিশুটির হাতে ১০ টাকা ধরিয়ে দিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। এ সময় শিশুটির আর্তচিৎকারে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে উদ্ধার করেন।
ঘটনার আকস্মিকতা ও ভয়াবহতায় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে পড়েন। তারা অভিযুক্ত বিল্লালকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় বিল্লালকে উদ্ধার করে। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) গোকুল চন্দ্র জানান, যৌন নিপীড়নের অভিযোগে একজনকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছিল। গণপিটুনিতে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন তিনি মারা যান। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।"
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ঝিনুক মালা আবাসন প্রকল্প ও আশপাশের এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের কঠোরভাবে সতর্ক করেছে জেলা প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষ।