
হাফিজুল ইসলাম লস্কর
শৃঙ্খল ভাঙার বজ্র শপথে
আকাশ বাতাস কাঁপে,
দুনিয়ার শ্রমিক ঐক্য গড়
ধরণীর প্রতি ধাপে।
যে হাতে গড়েছ ইমারত শহর
শিল্প কারখানার চাকা,
সেই হাতে নেব অধিকার বুঝে
বিজয় তিলক আঁকা।
হকের পাওনা আটটি ঘণ্টা
নেই কোনো আর ছাড়,
কাজ, বিশ্রাম, হাসিখুশিতে
ভাগ হবে দিনটার।
ভিখারি নই আমরা কভূ
ন্যায়ের দাবিতে অটল,
শ্রমিক মনে জেগেছে সাহস
ঘুচুক সকল ছল।
রক্তে ভেজা শিকাগোর মাটি
জাগরণের দেয় ডাক,
শ্রমিকদেরপ শ্রমে পুষ্ট হওয়া
পুঁজিবাদ নিপাত যাক!
শ্রমিক যা গড়ে আপন ঘামে
মালিকানা তার চাই,
ন্যায্য মজুরি ও শ্রমের মর্যাদা
এর চেয়ে বড় নাই।
সৃষ্টির কারিগর রবে না বঞ্চিত
ঘুচবে সকল ভয়,
ঐক্যবদ্ধ শ্রমিকের মিছিলে
মে দিবসের জয়।