
স্মৃতিগন্ধা আঁচল
লেখক: এম আর সুমন
সে কোন সুদূরে হারিয়ে গেছে
সোনারঙা সেই দিন,
মাটির ঘরের ঝাপসা আলোয়
ভালোবাসা সীমাহীন।
বাবা গাইতেন গান, মা দিতেন তান
আমরা ক’জন ভাই-বোন,
একই থালায় ভাগ করে খেতাম
তৃপ্তিতে ভরা মন।
বড়দা’র আদর, ছোট’র দুষ্টুমি
মেজো’র গানের সুর,
এক বোন যেন রাজকন্যে
স্বপ্ন বহুদূর।
আরেকটি বোন লক্ষ্মী প্রতিমা
হাসিতেই মা’র প্রাণ,
সবার শেষে ছোট্ট ভাইটি
সবার মধ্যমণি, অভিমান।
সেদিন ছিল চাঁদের আলোয়
ভালোবাসার বাঁধন,
আজ সেথা শুধু খাঁ খাঁ মরুভূমি
নেই কোনো আয়োজন।
মা চলে গেছে অচিনপুরে
বাবা আজ নিঃস্ব, একা,
জীবনের ঝড়ে আমরা সবাই
ছড়িয়ে ছিটিয়ে, কে কোথায়!
কেউবা হারিয়েছে পা, কেউবা ব্যবসা
ঋণের বোঝায় কেউ বা পিষ্ট,
কোরিয়ার পথে সন্তান গেছে
স্বপ্ন দেখার চেষ্ট।
কেউ ভালো আছে, কেউবা ভাঙা ঘরে
অশ্রু মুছছে রোজ,
একসাথে খাওয়ার দিনগুলো আজ
স্মৃতির ডায়েরিতে নিখোঁজ।
অহংকার আর ভুল সিদ্ধান্তে
হারিয়েছি সেই ঘর,
রক্তের বাঁধন আলগা হয়েছে
আপন হয়েছে পর।
মায়ের আঁচল থাকলে আজও
এক হতে পারতাম সব,
আজ শুধু আছে স্মৃতির মিছিল
অতীতের কলরব।