ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার থেকে খাদিমপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক পাকা করণের কাজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও নিয়মবহির্ভূত পদ্ধতিতে কাজ করায় সড়কের স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পুরাতন সড়কের যথাযথ এজিং (ধারের মজবুতকরণ) না করেই রাস্তা খুঁড়ে সেই মাটি ও পুরাতন উপকরণ রেখেই নতুন কাজ করা হচ্ছে। এছাড়া নির্ধারিত নিয়ম অনুযায়ী মেকাডম (পাথরের বেস লেয়ার) না করে পুরাতন মেকাডমের ওপরই কাজ চালানো হচ্ছে। পাথরের সাথে নিম্নমানের পাথর ও বালু মিশিয়ে কাজ করার অভিযোগও রয়েছে।
এদিকে স্থানীয়রা আরও অভিযোগ করেন, সড়ক পাকা করতে ব্যবহৃত বিটুমিনের সাথে মোবিল মিশিয়ে কাজ করা হচ্ছে, যা সম্পূর্ণ অনিয়ম এবং এতে রাস্তার গুণগত মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ বিষয়ে ওসমানীনগর উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “এ ধরনের কথা আপনারা সাংবাদিক ফজলু ছাড়া আর কেউ বলে না। ঠিকাদার কিছু অনিয়ম করতেই পারে, আমরা তো সব সময় সেখানে বসে থাকতে পারি না।” বিটুমিন কম ব্যবহারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আপনিও তো ফজলুর মতোই কথা বলছেন।”
অন্যদিকে সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান বলেন, “মেকাডমের বিষয়টি নির্দিষ্ট লেভেল রেখে করার নিয়ম রয়েছে, এখানে কারচুপির সুযোগ নেই। তবে বিটুমিনের বিষয়টি আমরা যাচাই করে দেখবো।”
স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সড়কের মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।