
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ: সুনামগঞ্জে ‘হানি ট্র্যাপ’ চক্রের মাধ্যমে এক বৃদ্ধকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, মারধর এবং ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের অভিযোগে এক নারীসহ চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের এক ঝটিকা অভিযানে অভিযোগ পাওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে তাদের আইনের আওতায় আনা হয়।
ঘটনার বিবরণ:
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী বৃদ্ধ দীর্ঘদিন ধরে এই চক্রের হাতে ব্ল্যাকমেইলের শিকার হয়ে আসছিলেন। অবশেষে তিনি সুনামগঞ্জ পুলিশ সুপারের কাছে বিষয়টি অবগত করেন এবং সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ পিপিএম-এর নেতৃত্বে দ্রুত একটি বিশেষ টিম গঠন করা হয়।
অভিযান ও আটক:
অভিযান দলে ছিলেন এসআই জহির, এএসআই মোহাম্মদ আলী, এসআই আমাতুন নূর, নারী কনস্টেবল শিরিনা আক্তার ও কনস্টেবল ফাহাদ। পুলিশের পেশাদারিত্ব ও নিখুঁত গোয়েন্দা তৎপরতায় অভিযানের এক ঘণ্টার মধ্যে শহরের ষোলঘর নদীর পাড় থেকে চক্রের মূল হোতা অজিতকে (৪০) আটক করা হয়। অজিত সুনামগঞ্জ সদর উপজেলার হুসনপুর গ্রামের অখিল চন্দ্র দাসের ছেলে।
পরবর্তীতে অজিতের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তার মোবাইল ফোন ব্যবহার করে কৌশলে চক্রের নারী সদস্যকে (৩০) শহরের কাজির পয়েন্টের বনফুল স্টোরের সামনে থেকে আটক করা হয়। আটককৃত নারীর বাড়ি জামালগঞ্জ উপজেলার রাজাবাজ গ্রামে।
উদ্ধার ও আইনি ব্যবস্থা:
আটকের সময় আসামিদের কাছ থেকে ব্ল্যাকমেইলে ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়, যাতে ভুক্তভোগীর আপত্তিকর ভিডিও সংরক্ষিত ছিল।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "হানি ট্র্যাপ চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"