
দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করে বলেন, "এটি জনগণের টাকা এবং সেই টাকা জনগণের কাছেই ফিরিয়ে দেওয়া হবে।"
আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে ৯১১ জন সুবিধাভোগীর মাঝে 'ফ্যামিলি কার্ড' বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত শাসনামলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, "বিগত স্বৈরাচারের সময় ব্যাপক দুর্নীতির মাধ্যমে দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আমরা সেই দুর্নীতি বন্ধ করতে চাই। পাচার হওয়া অর্থ উদ্ধার করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে, ইনশাআল্লাহ।"
সরকারের আগামী পাঁচ বছরের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন:
নির্বাচনী ইশতেহারের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফের যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি বলেন, "ইতোমধ্যে কৃষকদের সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে, যার ফলে সারাদেশের প্রায় ১২ লক্ষ কৃষক সরাসরি উপকৃত হয়েছেন।"
অনুষ্ঠানে সরকারের এই উদ্যোগের ফলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।