মহেশপুরে ধানের জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা-ভাগ্নের করুণ মৃত্যু
মোঃ রানা
উপজেলা প্রতিনিধি ঝিনাইদহ সদর।
ঝিনাইদহের মহেশপুরে ধানের জমিতে সেচ কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা ও ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের হেলেনচার মাঠে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার বাগানমাঠ গ্রামের মৃত জমসেদ সরকারের ছেলে রফিকুল সরকার (৫৪) ও একই গ্রামের মৃত আবু সামার ছেলে নুর আলম বাবু (৩৫)। সম্পর্কে তারা একে অপরের আপন মামা-ভাগ্নে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হেলেনচার মাঠে নিজেদের ধান ক্ষেতে সেচ দেওয়ার জন্য কাজ করছিলেন রফিকুল ও নুর আলম। এসময় সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত একজন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে অন্যজনও বিদ্যুতায়িত হয়ে পড়েন। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘক্ষণ তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে অন্য কৃষকরা এগিয়ে গিয়ে মরদেহ দুটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
মহেশপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। থানা সূত্রে জানানো হয়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সেচ যন্ত্রের ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারের কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। কৃষি জমিতে সেচ পাম্প ব্যবহারের সময় বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন এবং নিয়মিত তার ও সরঞ্জাম পরীক্ষা করার জন্য বিদ্যুৎ বিভাগ ও স্থানীয় প্রশাসন বারবার অনুরোধ জানিয়েছে।