বাঘায় পূর্ব শত্রুতার জেরে দুই বোনের ওপর হামলা, গুরুতর আহত
সোহেল রানা,স্টাফ রিপোর্টার :
রাজশাহীর বাঘা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই বোনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিনারা বেগম (৫৫) ও তার বোন রেহেনা বেগম গুরুতর আহত হয়েছেন।
ভুক্তভোগীরা এ ঘটনায় রাজশাহীর বাঘা থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ বিকেলে বাড়ির পাশের সড়কে হাঁটার সময় একদল ব্যক্তি তাদের ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলার একপর্যায়ে রেহেনা বেগমের দুই পা ও একটি হাত ভেঙে যায়। এসময় হামলাকারীরা তাদের কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল হক বলেন, “অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। তবে বাদী বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকায় তার স্বাক্ষর নেওয়া সম্ভব হয়নি। তিনি উপস্থিত হলেই মামলা রুজু করা হবে।”