বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, আহত একাধিক
বাকেরগঞ্জ প্রতিনিধি: হাসান
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া রেইন্টিতলা এলাকায় বাস, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে ইজিবাইকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মোটরসাইকেল আরোহী ছিটকে সড়কের পাশে পড়ে যান।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন।
পরে তাদের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো আহতদের পরিচয় জানা যায়নি।
এদিকে দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।
স্থানীয়দের দাবি, মহাসড়কের ওই এলাকায় দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাই সেখানে দ্রুত স্পিড ব্রেকার স্থাপন ও ট্রাফিক নজরদারি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।