সাদ্দাম হোসেন সাজ্জাদ |
কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা।
বুধবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক।
তিনি জানান, বুধবার সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিওপি থেকে প্রায় ১ কিলোমিটার পূর্ব-উত্তর দিকে এবং শূন্য লাইন থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি কোনাপাড়া পোস্টের কাছে মিয়ানমার থেকে এক ব্যক্তি একটি প্লাস্টিকের জারকিন হাতে নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে।
টহল দল তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি জারকিনটি ফেলে ছলেমানিয়া দারুল মাদ্রাসার ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে জারকিনের ভেতর থেকে খাকি রঙের নীল বায়ুরোধী মোড়কে রাখা ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে অভিযানে আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।