প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, বিশেষ প্রতিবেদক:
আসন্ন স্থানীয় সরকার পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতার যোগ্যতায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, লাভজনক পদে কর্মরত ব্যক্তি এবং ব্যাংক ঋণের জামিনদাররা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
মঙ্গলবার (২১ জুলাই) নির্বাচন কমিশনের পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত বিভিন্ন আইন ও বিধিমালা পর্যালোচনার পর কমিশন কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছে। এসব প্রস্তাব প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
তিনি জানান, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ রাখা হচ্ছে না। একই সঙ্গে লাভজনক পদে কর্মরত ব্যক্তি এবং দ্বৈত নাগরিকদেরও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া ব্যাংক ঋণের জামিনদারদেরও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না রাখার বিষয়ে কমিশন নীতিগতভাবে এগোচ্ছে বলে জানান তিনি।
ইসির সচিব বলেন, নির্বাচনী আচরণবিধি সংশোধনের বিষয়ে কমিশনের সুপারিশ ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। আইন সংশোধন ও সরকারি অনুমোদন সম্পন্ন হলে নতুন বিধান কার্যকর হবে এবং স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতার ক্ষেত্রে নতুন শর্ত ও বিধিনিষেধ যুক্ত হবে।
এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার, তাহমিদা আহমদ, আবুল ফজল মো. সানাউল্লাহসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইসির সহকারী জনসংযোগ পরিচালক আশাদুল হক জানান, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদ আইন সংশোধনের জন্য সরকারের কাছে সুপারিশ পাঠানোর বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণবিধির সংশোধনীও অনুমোদন দেওয়া হয়েছে।
জানা গেছে, চলতি বছরের অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে আইন ও বিধিমালা সংস্কারের কাজ চলছে। ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচনের ধাপ শুরু হতে পারে।
নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে আগামী ৩১ আগস্ট ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। এরপর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের বাইরে রাখার উদ্যোগের বিরোধিতা করেছে 'এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট'। সংগঠনটির দাবি, এমপিওভুক্ত শিক্ষকদের সরকারি কর্মচারীর মর্যাদা না দিয়ে তাদের নির্বাচনে অংশগ্রহণের অধিকার সীমিত করা হলে শিক্ষক সমাজে অসন্তোষ সৃষ্টি হবে এবং এটি বৈষম্যমূলক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।
বর্তমানে দেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা সাড়ে সাত লাখেরও বেশি। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় প্রায় ৫ লাখ ৪৩ হাজার, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় প্রায় ১ লাখ ৮৯ হাজার এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় ২২ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।
নির্বাচন কমিশনের এই প্রস্তাব বাস্তবায়িত হলে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতার যোগ্যতার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। একই সঙ্গে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন, শিক্ষক সমাজ ও নাগরিক মহলেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে।