হাফিজুল ইসলাম লস্কর, স্টাফ রিপোর্টারঃ
সিলেটে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর প্রাণ কেড়ে নিয়েছে এই রোগ। হাসপাতালের ওপর ক্রমাগত বাড়তে থাকা রোগীর চাপ সামাল দিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত একটি শিশু ইউনিট ও বিশেষায়িত ৩২ নম্বর ওয়ার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির। তিনি জানান, আগামী ৯ মে, শনিবার থেকে নতুন এই ইউনিট ও বিশেষায়িত ওয়ার্ডের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
হামে আক্রান্ত শিশুদের সুনির্দিষ্ট চিকিৎসা সেবা দিতেই ৩২ নম্বর ওয়ার্ডটিকে আলাদা করা হয়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, সংক্রমণের চিত্রটি অত্যন্ত উদ্বেগজনক- চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ মে পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে বিভাগে মোট ২০ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে ১৬ জন। গত এক দিনে তথা ২৪ ঘন্টায় নতুন করে ৮ শিশুর হাম শনাক্ত হয়েছে এবং উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৬৬ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি আছে ২৬৪ শিশু।
বর্তমানে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম চললেও রোগীর আধিক্যের কারণে সেখানে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। ওসমানী মেডিকেলে নতুন ইউনিট চালু হলে এই চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। তবে শামসুদ্দিন হাসপাতালে চলমান সেবাও আগের মতোই অব্যাহত থাকবে।
হামের উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে যোগাযোগের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান ও সচেতনতার ওপর জোর দেওয়া হচ্ছে।