হাফিজুল ইসলাম লস্কর, স্টাফ রিপোর্টারঃ
সিলেটের মোগলাবাজারে পৈতৃক সম্পত্তির বিরোধের জেরে বড় ভাই মইনুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছোট ভাই নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব। দীর্ঘ আত্মগোপনের পর মঙ্গলবার (৫ মে) শরীয়তপুরের ভেদরগঞ্জ এলাকা থেকে র্যাব-৯ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে তাকে আটকের পর বুধবার (৬ মে) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
র্যাব ও মামলার বিবরণ থেকে জানা যায়, মোগলাবাজার থানার বীরমঙ্গল গ্রামের জফুর আলীর ছেলে নাজিম উদ্দিনের সাথে তার বড় ভাই মইনুল ইসলামের পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত ২৫ মার্চ দুপুরে একটি সালিশ বৈঠক বসে। সেখানে উপস্থিত মুরুব্বিদের সামনেই নাজিম তার বড় ভাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।
ওই দিন রাতেই বাজার থেকে বাড়ি ফেরার পথে নাজিম উদ্দিন পূর্বপরিকল্পিতভাবে মইনুলের ওপর হামলা চালায়। লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি আঘাতে মইনুল গুরুতর জখম হলে নাজিম পালিয়ে যায়। স্থানীয়রা মইনুলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
দীর্ঘ প্রায় এক মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ২৩ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মইনুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মোগলাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।
ঘটনার পর থেকে ঘাতক নাজিম উদ্দিন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে শরীয়তপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। মোগলাবাজার থানা পুলিশ জানায়, বুধবার সকালে নাজিমকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।