হাফিজুল ইসলাম লস্কর, স্টাফ রিপোর্টারঃ
সিলেট নগরীতে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে একের পর এক আবাসিক হোটেল সিলগালার পর, এবার ওয়ানস্টপ অ্যাকশনে সিলগালা করা হলো একটি ফার্মেসিকে। শনিবার (১৬ মে) দুপুর ১টার দিকে এ অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং সঠিক তাপমাত্রায় জীবনরক্ষাকারী ইনজেকশন সংরক্ষণ না করার অপরাধে নগরীর কাজলশাহ এলাকার ‘আল রাইয়ান ফার্মেসি’ সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ফার্মেসিটিতে বিক্রির জন্য রাখা প্রচুর মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল কিছু ইনজেকশন ও ওষুধ ফ্রিজে বা নির্দিষ্ট তাপমাত্রায় রাখার নিয়ম থাকলেও তা মানা হচ্ছিল না। এছাড়াও অভিযান চলাকালে ফার্মেসি কর্তৃপক্ষ ভোক্তা অধিকারের কর্মকর্তাদের কাজে বাধা দেওয়ার ও চড়াও হওয়ার চেষ্টা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ মিয়া জানান, "তারা সরাসরি চড়াও না হলেও, ফার্মেসির ফার্মাসিস্ট আশেপাশের অন্যান্য দোকানের লোকজনকে জড়ো করে একটি অপ্রীতিকর ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিলেন।
অনিয়মের দায়ে ফার্মেসিটিকে তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়েছে। একই সাথে, আইন লঙ্ঘনের দায়ে কেন তাদের ফার্মেসি লাইসেন্স চিরতরে বাতিল করা হবে না—তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করেছে অধিদপ্তর।
সাম্প্রতিক সময়ে সিলেটে বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কাজের বিরুদ্ধে কঠোর অভিযান চললেও, ফার্মেসি সিলগালার এমন ঘটনা বেশ বিরল। আল রাইয়ান ফার্মেসি সিলগালা হওয়ার পর থেকে নগরীর ওষুধ ব্যবসায়ীদের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও তুমুল আলোচনা সৃষ্টি হয়েছে।