স্টাফ রিপোর্টারঃ হাফিজুল ইসলাম
সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আল ইখওয়ান সোসাইটি, গোলাপগঞ্জ নেতৃবৃন্দ।
শুক্রবার (১৫ মে ২০২৬) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি হাফিজ মাওলানা আশফাক আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. হা. মাও. হাফিজুল ইসলাম লস্কর এই শোক প্রকাশ করেন।
অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব আজ শুক্রবার ভোররাত আনুমানিক ৪টার দিকে সিলেট হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। তিনি গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের কেওটকোনা এলাকার মরহুম ইসমাইল আলীর দ্বিতীয় পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে আমরা একজন গুণী অভিভাবককে হারিয়েছি। তিনি কেবল একজন দক্ষ আইনজীবীই ছিলেন না, বরং একাধারে রাজনৈতিক নেতা, শিক্ষানুরাগী ও জনদরদী ব্যক্তিত্ব ছিলেন। মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে শিক্ষা প্রসারে তার অবদান অনস্বীকার্য।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।