বিশেষ প্রতিনিধি: মোঃ নুরুন্নবী
সাভার: সাভারের আশুলিয়ায় কর্মস্থলে বয়লার রক্ষণাবেক্ষণ (ব্লো-ডাউন) করতে গিয়ে আকস্মিক দুর্ঘটনায় দগ্ধ মিরসরাইয়ের কৃতি সন্তান মোঃ ফরহাদ হোসেন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দীর্ঘ এক সপ্তাহ ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ঘটনার বিবরণ:
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফরহাদ ঢাকার সাভারের কাঠগড়া এলাকায় একটি শিল্প প্রতিষ্ঠানে ‘বয়লার অপারেটর’ হিসেবে কর্মরত ছিলেন। গত এক সপ্তাহ আগে কর্মস্থলে বয়লারের নিয়মিত ‘ব্লো-ডাউন’ (Blow-down) করার সময় আকস্মিকভাবে লাইন ফেটে যায়। এ সময় বয়লারের ভেতরে থাকা তীব্র উত্তপ্ত পানি ও উচ্চচাপের বাষ্প সরাসরি তার শরীরে এসে পড়লে তিনি গুরুতর দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে দীর্ঘ সাতদিন চিকিৎসাধীন থাকার পর আজ তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ব্যক্তিজীবন ও শোকের ছায়া:
নিহত ফরহাদ ইসলাম চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত ৬নং ইছাখালী ইউনিয়নের জমাদারগ্রামের তমিজ উদ্দিন মিয়াজি বাড়ির (মনাই সওদাগর বাড়ি) মোঃ রফিকুল ইসলাম মিস্ত্রির বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একটি অবুঝ শিশু সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিভিন্ন মহলের শোক প্রকাশ:
মোঃ ফরহাদের এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এক শোকবার্তায় দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV)-র প্রতিষ্ঠাতা এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এম. মাসুদ রানা সুমন বলেন, “ফরহাদ ভাইয়ের এই অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। একজন দক্ষ শ্রমিকের এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি।”
অনুরূপ শোক প্রকাশ করেছেন বয়লার অপারেটর ক্লাব বিডি-র প্রতিষ্ঠাতা মোঃ জামাল উদ্দিন সৈকত এবং বয়লার ওয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সভাপতি ইমন হাসান। এছাড়াও বাংলাদেশ বয়লার অপারেটর কল্যাণ পরিষদসহ দেশের বিভিন্ন কারিগরি ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এই দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বিশেষ করে বয়লার অপারেশনের ঝুঁকিপূর্ণ কাজ যেমন ব্লো-ডাউন বা ভাল্ব চেকিংয়ের সময় অপারেটরদের সর্বোচ্চ নিরাপত্তা সরঞ্জাম (PPE) নিশ্চিত করার দাবি জানান।
দাফন ও জানাজা:
পরিবার সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ ও দাফন প্রক্রিয়া তার নিজ গ্রাম মিরসরাইয়ের জমাদারগ্রামে সম্পন্ন হবে।