কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ক্বারী মোহাম্মদ সোহেল রানা
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ী গ্রামে সাপের কামড়ে গুরুতর আহত মঞ্জুয়ারা খাতুনের জীবন বাঁচাতে জরুরি রক্তদান করে পাশে দাঁড়িয়েছেন সংবাদকর্মী ও মানবিক যোদ্ধা মোঃ পলাশ শেখ। পানাগাড়ী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী মঞ্জুয়ারা খাতুন হঠাৎ সাপের কামড়ের শিকার হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে অবস্থার অবনতি ঘটে এবং চিকিৎসকরা জরুরি ভিত্তিতে রক্তের ব্যবস্থা করার কথা জানান। এমন সংকটময় মুহূর্তে মুমূর্ষু রোগীর পাশে এসে দাঁড়িয়েছেন মুভি বাংলা টেলিভিশনের সাংবাদিক ও ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশনের নিবেদিতপ্রাণ কর্মী মোঃ পলাশ শেখ। তিনি তাৎক্ষণিকভাবে রক্তদান করে রোগীর জীবন রক্ষায় অনন্য অবদান রাখেন।
রক্তদানের পর অনুভূতি প্রকাশ করে মোঃ পলাশ শেখ বলেন, “বিপদের সময় একটি ফোঁটা রক্ত মুমূর্ষু মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে। মানুষের সেবা করা এবং বিপদে একে অপরের পাশে দাঁড়ানোই আমাদের পরম ধর্ম। রক্তের প্রয়োজনে এমন একটি মানবিক কাজে অংশ নিতে পেরে আমি আনন্দিত।” রোগীর স্বজনরাও তার এই সময়োপযোগী ও মহৎ উদ্যোগে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মানবতার সেবায় আস্থার প্রতীক: ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন শুধু রক্তদান নয়, আর্তমানবতার সেবায় নিরলস কাজ করে যাওয়া একটি গতিশীল মানবিক প্ল্যাটফর্ম হলো ‘ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন’ এবং গণমাধ্যম প্রতিষ্ঠান ‘দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি’। সমাজের অবহেলিত, অসহায় ও জরুরি সংকটে পড়া মানুষের পাশে দাঁড়াতে এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
প্রতিষ্ঠার পর থেকেই "মানবিকতাই মানুষের প্রকৃত পরিচয়"—এই স্লোগানকে সামনে রেখে ব্লাড ডোনেশন বা রক্তদান কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজ পরিচালনা করে আসছে ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন। বিশেষ করে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে জরুরি রক্তের প্রয়োজনে মুমূর্ষু রোগীদের একমাত্র ভরসাস্থল হয়ে উঠেছে এই সংগঠনটি। তরুণ ও নিবেদিতপ্রাণ রক্তযোদ্ধা এবং গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে গঠিত এই পরিবারটি আজ জাতির সামনে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।