মোঃ নাজমুল হোসেন
স্টাফ রিপোর্টার (নারায়ণগঞ্জ):
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত রফিকুল ইসলাম রফিক ওরফে ‘আন্ডা রফিক’কে ঘিরে নতুন করে উত্তেজনা ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে তার অপকর্মের খবর ধারাবাহিকভাবে প্রকাশের পর তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশ ছাড়ার পরিকল্পনা করছেন বলে অভিযোগ উঠেছে। প্রকাশ্যে আসার পর হঠাৎ গা ঢাকা দেওয়ায় স্থানীয়দের মধ্যে রহস্য ও উদ্বেগ আরও বেড়েছে।
প্রকাশ্যে দেখা যাওয়ার পর উধাও স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় তাকে প্রকাশ্যে বিচরণ করতে দেখা যায়। দীর্ঘদিন পলাতক থাকার পর তার এমন উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। তবে সংবাদমাধ্যমে বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই তিনি ফের নিখোঁজ হয়ে যান। এলাকাবাসীর ধারণা, গ্রেফতার এড়াতে তিনি এখন সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছেন।
অভিযোগের পাহাড় রফিক ওরফে আন্ডা রফিকের বিরুদ্ধে জমি দখল, সাধারণ মানুষের সাথে প্রতারণা, ভুয়া দলিল তৈরি করে একই জমি বারবার বিক্রি এবং নিরীহ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের অসংখ্য অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় ভুক্তভোগীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
নাওড়া এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন:
"পত্রিকায় খবর আসার পর থেকেই তাকে আর এলাকায় দেখা যাচ্ছে না। আমরা খবর পাচ্ছি সে দেশ ছেড়ে পালানোর পাঁয়তারা করছে। এখনই তাকে গ্রেফতার করা না হলে বিচার পাওয়া অসম্ভব হয়ে পড়বে।"
প্রশাসনের বক্তব্য এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, রফিকের প্রকাশ্যে চলাফেরার বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, "সে যেহেতু মামলার আসামি, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো আসামিরই প্রকাশ্যে ঘোরার সুযোগ নেই; হয় তাকে জামিন নিতে হবে, নতুবা গ্রেফতার হতে হবে। সে যদি প্রকাশ্যে ঘুরে থাকে, তবে দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে।"
ভুক্তভোগী পরিবারগুলো এখন ন্যায়বিচারের আশায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপের দিকে তাকিয়ে আছে।