
নিজস্ব প্রতিবেদক:
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলার শিক্ষকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধান ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে বিশিষ্ট আলেমও দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি মুফতি মাওলানা মোহাম্মদ শুভ আগমন উপলক্ষে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে এলাকার শিক্ষক সমাজের আশা-আকাঙ্ক্ষা, দুঃখ-দুর্দশা এবং শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে খোলামেলা আলোচনা হয়। শিক্ষকরা তাঁদের ন্যায্য দাবি, বেতন কাঠামো, নিয়োগ জটিলতা এবং শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেন।
মুফতি মোহাম্মদ সাহেব মনোযোগ সহকারে সকল বক্তব্য শুনে শিক্ষকদের সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, “শিক্ষকরা জাতির নির্মাতা, তাদের সমস্যার সমাধান করা আমাদের নৈতিক দায়িত্ব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোজাম্মেল হক, মমিনুল হক, এইচ এম আব্দুর রহিম, মোহাম্মদ বাহাউদ্দিন, হাজী আব্দুস সাত্তার, জহির হোসেন, খালেদা আক্তার, ইমন হোসেন, শাজাহান, মাওলানা আনোয়ার, মাওলানা জিহাদুর ইসলাম, বনি আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুর রহিম ওরফে রমু এবং বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ, যারা শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে একাত্মতা প্রকাশ করেন।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকদের বিভিন্ন সমস্যা অবহেলিত অবস্থায় পড়ে আছে, যা দ্রুত সমাধান করা না হলে শিক্ষা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়বে।
মুফতি মোহাম্মদ সাহেব তাঁর বক্তব্যে শিক্ষকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন এবং তিনি এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবেন।
অনুষ্ঠানটি এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করে।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
এই সফরের মাধ্যমে মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলার শিক্ষক সমাজ নতুন করে আশা দেখতে শুরু করেছে এবং দ্রুত সমস্যার সমাধান হবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেছেন।