বিশেষ প্রতিনিধি
কামরুল ইসলাম
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী দ্বীপে অভিযান চালিয়ে প্রায় ৭৫ লক্ষ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর সদস্যরা টেকনাফ থানাধীন নাজিরপাড়া সংলগ্ন নাফ নদী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং জড়িত দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।
এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড কর্মকর্তা আরও বলেন, দেশের সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।