স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ১৫ হাজার৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২৬-২৭ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রণোদনা হিসেবে প্রত্যেক কৃষক পাচ্ছেন এক কেজি সরিষার বীজ, ১০ কেজি পটাশ ও ১০ কেজি টিএসপি সার। উপজেলার সকল ইউনিয়ন ও একটি পৌরসভায় পর্যায়ক্রমে কয়েকটি ধাপে এসব সার ও বীজ বিতরণ করা হবে।
বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল আল মামুন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা এবং উপজেলা বিএনপির ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা আব্দুল আল মামুন সাংবাদিকদের বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে সরকার কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছেন। কৃষকদের মাঝে উন্নতমানের সার ও বীজ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। ফলে রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি ফসলের আবাদ সম্প্রসারণের পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।