সাদ্দাম হোসেন সাজ্জাদ :
কক্সবাজারের উখিয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) ভোর আনুমানিক ৩টা ২০ মিনিটে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার ময়নার ঘোনা মরাগাছতলা বাজারে কামালের মুদি দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫-এর সিপিসি-২ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান পাশের কোমর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ম্যাগাজিনে থাকা তিন রাউন্ড গুলি (দুটি তাজা ও একটি আঘাতপ্রাপ্ত) এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হাফেজ শফিক (১৯)। তিনি রোহিঙ্গা ক্যাম্প-১১-এর বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র বহনের বিষয়ে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামি, উদ্ধার করা অস্ত্র ও আলামত উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তথ্যভিত্তিক এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।