আজিজুর ইসলাম স্টাফ রিপোর্টার:
১৫ মে, ২০২৬
রাজশাহী মহানগরীর হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। নগরীর ঐতিহ্যবাহী 'ঢোপকল’ সংরক্ষণের লক্ষ্যে মহানগরীর দড়িখরবোনা রেলক্রসিং মোড়ে একটি ঢোপকল স্থাপন করা হয়েছে।
পরিদর্শন ও জনমত:
গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় ঢোপকল স্থাপনের চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন। পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
পরিদর্শন চলাকালীন এক পথচারী দম্পতি প্রশাসকের নিকট এগিয়ে এসে এই মহতী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। লক্ষ্মীপুরের বাসিন্দা ব্যবসায়ী এনামুল হক এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,রাজশাহীর হারিয়ে যেতে বসা ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে।