আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:
১৬ জুলাই, ২০২৬ আজ ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’। ছাত্র-জনতার অভ্যুত্থানে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে রাজশাহী মহানগরীতে পালিত হয়েছে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ নানা কর্মসূচি। দিনটি উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের (আরসিসি) পক্ষ থেকে বিশেষ আয়োজন করা হয়।
আজ সকালে রাজশাহীর সিঅ্যান্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে প্রশাসক মাহফুজুর রহমান রিটন কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং শহীদদের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া করেন। এ সময় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে। তাঁদের এই রক্তদান বৃথা যেতে দেওয়া হবে না এবং তাঁদের দেখানো ন্যায় ও ইনসাফের পথে দেশ গঠনে সকলকে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।