আব্দুস সামাদ, রংপুর প্রতিনিধি:
রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ভিসা জালিয়াতি ও প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের তিন সদস্যকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি পাসপোর্ট, জাল ভিসা, ভুয়া পরিচয়পত্র, ল্যাপটপ, মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ জাল ডকুমেন্ট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে নগরীর তাজহাট থানার কলেজপাড়া এলাকার সিডিটি হাউজিং সোসাইটির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদের নির্দেশনায় এবং মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তীর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
আটকরা হলেন রুহানুর রহমান (২৩), শফিক ইসলাম (৩১) ও হিমেল ইসলাম (২২)। তারা রংপুর ও নীলফামারীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযানে ১০টি বাংলাদেশি পাসপোর্টে সংযুক্ত জাল অস্ট্রেলিয়ান ভিসা, দুটি ভুয়া অস্ট্রেলিয়ান পাসপোর্ট, একটি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন, ভুয়া অফার লেটার, জাল ভিসা ডকুমেন্ট, ভুয়া বিমান টিকিট এবং বিভিন্ন প্রতারণামূলক কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘Costa Group Australia’-এর নামে ভুয়া ফেসবুক পেজ খুলে বিদেশে চাকরি ও অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার প্রলোভন দেখাত। পরে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে পাসপোর্ট সংগ্রহ করে তাতে জাল ভিসা সংযুক্ত করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত।
উদ্ধার হওয়া পাসপোর্টগুলোর মালিকদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পারে, তারা অস্ট্রেলিয়ার ভিসা পাওয়ার আশায় বিভিন্ন দালাল ও এজেন্টের মাধ্যমে পাসপোর্ট জমা দিয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে বিদেশে চাকরি বা ভিসা সংক্রান্ত বিষয়ে জনগণকে সতর্ক থাকার এবং সরকারি অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।