
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা, ভয়ভীতি প্রদর্শন এবং নির্মাণাধীন স্থাপনা ভাঙচুরের অভিযোগ উঠেছে। উপজেলা কৃষকদলের সভাপতি জয়নাল আবেদীনের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন স্থানীয় ভুক্তভোগী আব্দুল আউয়াল হাওলাদার। এ ঘটনায় তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী আব্দুল আউয়াল হাওলাদার জানান, ৪১৯১ দাগের নিজস্ব ক্রয়কৃত জমিতে তিনি বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ শুরু করলে জয়নাল আবেদীন দলবল নিয়ে বাধা প্রদান করেন। তিনি অভিযোগ করেন, রাতের আঁধারে তার নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর করা হয়েছে।
আব্দুল আউয়াল হাওলাদার বলেন:
“আমি আমার বৈধ জমিতে কাজ করতে গেলে বারবার বাধা দেওয়া হচ্ছে। আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও প্রতিপক্ষ রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাকে ভয়ভীতি দেখাচ্ছে এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। আমি প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।”
তিনি আরও অভিযোগ করেন, তার সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করতে একটি মহল গণমাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। মালিকানার সপক্ষে তার কাছে ক্রয় দলিল, নামজারি, খতিয়ান এবং ভূমি উন্নয়ন করসহ সকল বৈধ কাগজপত্র রয়েছে যা তিনি আদালতে দাখিল করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চালিতাবুনিয়া মৌজার এস.এ. ১৭৪২ ও এস.এ. ৮৯৩ খতিয়ানভুক্ত ৪১৯১ দাগের এই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন (দেওয়ানি বাটোয়ারা মামলা নং-৪৯/২৩)। আদালত উভয় পক্ষকে বিরোধপূর্ণ জমিতে স্থিতাবস্থা (Status Quo) বজায় রাখার নির্দেশ দিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে উপজেলা কৃষকদলের সভাপতি জয়নাল আবেদীন বলেন, জমিটি প্রায় ৩০ বছর আগে তার বাবা ফকরুল ইসলাম ক্রয় করেছেন এবং তারা দীর্ঘ সময় ধরে এটি ভোগদখল করছেন। তার দাবি, প্রতিপক্ষ হঠাৎ করে জমিতে অবৈধভাবে কাজ শুরু করলে তিনি কেবল তাতে বাধা দিয়েছেন। তার বিরুদ্ধে আনা ভাঙচুরের অভিযোগটি ভিত্তিহীন।
সন্ন্যাসী পুলিশ ফাঁড়ির এএসআই আবজাল হোসেন জানান, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। আদালতের নির্দেশনা অনুযায়ী উভয় পক্ষকে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে বলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি তদন্তাধীন।
এলাকাবাসীর মতে, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এই দীর্ঘমেয়াদী বিরোধের স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন বলে তারা মনে করেন।