— আশরাফুল ইসলাম (ছদ্মনাম)
মানুষ যখন কোনো স্বপ্নের বীজ বোনে, তখন সে একা থাকে। কিন্তু সেই বীজ যখন অঙ্কুরিত হয়ে ডালপালা মেলতে শুরু করে, তখন ছায়ার খোঁজে অনেকেই এসে ভিড় জমায়। একটি অনলাইন নিউজ পোর্টাল শুরুর গল্পটাও ঠিক তেমনই ছিল। এক বুক সততা আর কিছু কাছের মানুষের প্রতি অগাধ 'মহাব্বত' নিয়ে যে যাত্রার শুরু, তা যে মাঝপথে এসে অর্থ আর ক্ষমতার লোভের চোরাবালিতে আটকে যাবে, তা হয়তো রূপকার নিজেও কখনো ভাবেননি।
যাদেরকে পরম বিশ্বাসে বুকে টেনে নেওয়া হয়েছিল, সময়ের সাথে সাথে তাদের ভেতরের আসল মানুষটা বেরিয়ে আসতে শুরু করে। ক্ষমতার মোহ আর অর্থের লোভ এতটাই অন্ধ করে দেয় যে, একসময়ের বিশ্বস্ত মানুষগুলোই একপর্যায়ে দলছুট হয়ে প্ল্যাটফর্মের ক্ষতি করার চেষ্টা করে।
তবে যারা চলে যায়, তাদের চেয়েও ভয়ঙ্কর হলো তারা—যারা চলেও যায় না, আবার চলেও না। এরা এক অদ্ভুত দ্বিমুখী চরিত্র। সামনে এসে এত সুন্দর করে মহাব্বত দেখাবে যে, তাদের ভক্তি দেখলে দেবদূত মনে হতে পারে। কিন্তু ভেতরে ভেতরে তারা পুরো প্রতিষ্ঠানটিকে ধংস করার জন্য উইপোকার মতো কামড়াতে থাকে। এদের মূল লক্ষ্য থাকে, যার রক্ত-ঘামে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তাকেই একদিন এখান থেকে ছুড়ে ফেলে দেওয়া।
সবচেয়ে অদ্ভুত চরিত্র হলো সেই মানুষগুলোর, যারা এই পুরো সংকটে 'নিরপেক্ষ' বা নিউট্রাল সেজে বসে থাকে। তারা আসলে কোনো পক্ষেরই নয়। অন্যায় চোখের সামনে দেখেও তারা চুপ থাকে, কারণ তারা দেখতে চায় শেষ পর্যন্ত পাল্লা কোন দিকে ভারী হয়। তারা কেবল সময়ের অপেক্ষায় থাকে।
এর মাঝে কিছু মানুষ আবার পদ বা পদের ক্ষমতার লোভে অন্ধ। নিজে প্রতিষ্ঠানের জন্য এক ফোঁটা ঘাম ফেলবে না, কোনো কাজ করবে না; অথচ অন্যের কানপড়ায় বা মিথ্যা কথায় প্ররোচিত হয়ে নিজেকে সর্বেসর্বা ভাবা শুরু করবে। এরা বোঝাতে চায় এরা খুব ভালো মানুষ, কিন্তু তাদের অলসতা আর লোভ প্রতিষ্ঠানের জন্য কাল হয়ে দাঁড়ায়।
কিন্তু দিনশেষে একটা কথা সত্য—কাউকে ফাঁকি না দিয়ে, সততার সাথে যে স্বপ্ন বোনা হয়, তা সহজে উপড়ে ফেলা যায় না। আইডি কার্ড বা পদের অহংকার সাময়িক, কিন্তু প্রতিষ্ঠানের আইনি ও নৈতিক ভিত্তিটাই আসল। মুখোশধারীদের চিনে নেওয়া এবং তাদের আলাদা করা হয়তো কঠিন, তবে অসম্ভব নয়। ঝড়ের পরেই যেমন আকাশ পরিষ্কার হয়, তেমনি এই প্রতিকূল পরিস্থিতিই একদিন আসল এবং নকল মানুষের পার্থক্য বুঝিয়ে দিয়ে নতুন ভোরের পথ দেখাবে।