নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ছেলেকে নিয়ে আকলিমা জাহান নামে একজন স্কুল শিক্ষিকার দেওয়া একটি আবেগঘন পোস্ট বর্তমানে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। মাইলস্টোন স্কুলের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র আবরার বিন তাজের ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ততা এবং তার ব্যক্তিগত জীবনে আসা ইতিবাচক পরিবর্তনের গল্প তুলে ধরে তিনি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন। আকলিমা জাহান তার পোস্টে বর্ণনা করেন, সপ্তম শ্রেণিতে থাকতেই শিবিরের ‘সাথী’ হিসেবে শপথ নেওয়া আবরার এখন এতটাই সুশৃঙ্খল যে, কোনো ডাকাডাকি ছাড়াই ভোরে উঠে নামাজ পড়ে ইউনিফর্ম পরে স্কুলে যাওয়ার প্রস্তুতি নেয় এবং অসুস্থ মায়ের জন্য নিজেই ফ্রাইড রাইস ও চা তৈরি করে টেবিলে সাজিয়ে রাখে। সাংগঠনিক কাজের রিপোর্ট নিয়মিত সংরক্ষণ না করায় থানা সভাপতির নির্দেশে আবরার ‘কাফফারা’ হিসেবে এই সপ্তাহে টানা চারটি রোজা রাখা এবং নিজের পকেট মানি থেকে ‘সাদাকা’ করার যে দৃষ্টান্ত দেখিয়েছে, তা একজন মা হিসেবে আকলিমা জাহানকে গভীরভাবে স্পর্শ করেছে। বিশেষ করে পোস্টের শেষ অংশে শিবিরের বিরুদ্ধে প্রচলিত নেতিবাচক প্রচারণার দিকে ইঙ্গিত করে তিনি যে প্রশ্নটি ছুড়েছেন— “আহা শিবির! কিসের রগ কাটস? হাতের-পায়ের? ঘাড়ের নাকি নফসের?”—তা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। পোস্টটি ভাইরাল হওয়ার পর মোস্তাফিজুর রহমানসহ অসংখ্য নেটিজেন মন্তব্য করেছেন যে, হাজারো অপবাদ সত্ত্বেও এই সংগঠনটি তরুণদের যেভাবে নৈতিক ও সুশৃঙ্খল হিসেবে গড়ে তুলছে তা বিস্ময়কর। ছেলের প্রতি মায়ের এমন অকৃত্রিম ভালোবাসা ও সংগঠনের শৃঙ্খলাবোধের এই গল্পটি বর্তমানে ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে।