
মাদারীপুরে ৬টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ ঘটনায় নগদ টাকাসহ কয়েক কোটি টাকার স্বর্ণালংকার লুট হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ডাকাতি চলাকালীন বাধা দেওয়ার চেষ্টা করলে এক প্রত্যক্ষদর্শীকে হাত-পা বেঁধে পিটিয়ে আহত করেছে সংঘবদ্ধ ডাকাত দলটি।
শনিবার (১৮ এপ্রিল) ভোর রাতে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের হাউসদী বাজারে এ ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, শনিবার ভোর রাতে হাউসদী বাজারের ‘স্বর্ণকার পট্টিতে’ একদল মুখোশধারী ডাকাত হানা দেয়। তারা প্রথমে নিউ প্রিয়াংকা জুয়েলার্স নামক দোকানের তালা কেটে ভেতরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। সে সময় বাজারে মিলন মোল্লা নামের এক রাজমিস্ত্রি নৈশকালীন কাজ করছিলেন। ডাকাতির বিষয়টি দেখে ফেললে ডাকাত সদস্যরা তাকে পিটিয়ে হাত-পা বেঁধে ফেলে রাখে। এরপর একে একে আরও ৫টি স্বর্ণের দোকান ও একটি মুদি দোকানের আলমারি ও ক্যাশ বাক্স ভেঙে সর্বস্ব লুট করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো:
ভাগ্যশ্রী জুয়েলার্সের মালিক সেন্টু মাল কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমার দোকানে ৩০ ভরি স্বর্ণ, ৫০০ ভরি রুপা এবং ক্যাশ বাক্সে প্রায় এক লাখ টাকা ছিল। ডাকাতরা সবই নিয়ে গেছে। আমি এখন সর্বস্বান্ত। এই ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি আমার নেই।” অন্যান্য ব্যবসায়ীরাও একইভাবে তাদের সর্বস্ব হারানোর কথা জানিয়েছেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, হাউসদী বাজারে ডাকাতির খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।