
এম, রহমান ঢাকা
রাজধানীর গুলশানে একটি ফ্যাশন শোতে অংশ নিতে গিয়ে গভীর রাতে হুলস্থুল কাণ্ড ঘটিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি। অনুষ্ঠানস্থলে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ে মেজাজ হারিয়ে তিনি দর্শকদের উদ্দেশে মধ্যমা আঙুল বা অসৌজন্যমূলক অঙ্গভঙ্গি প্রদর্শন করেন বলে অভিযোগ ওঠে। আর এর জেরে তৈরি হওয়া উত্তেজনাকর পরিস্থিতি গড়ায় ফেসবুক লাইভ ও থানা পর্যন্ত।
ঘটনার সূত্রপাত ঘটে গত কাল গভীর রাতে গুলশানের একটি রেস্টুরেন্টে আয়োজিত একটি ফ্যাশন শোকে কেন্দ্র করে। কনের সাজে মঞ্চে হাজির হয়েছিলেন পরীমণি। তবে কিছুদিন ধরে সংবাদকর্মীদের সাথে এই নায়িকার দ্বন্দ্বের জেরে অনুষ্ঠানস্থলে উপস্থিত সংবাদকর্মী ও দর্শকরা তাকে ঘিরে ধরেন। পরীমণি মঞ্চে উঠতেই চারদিক থেকে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান শুরু হয়।
হঠাৎ এমন পরিস্থিতিতে মেজাজ ধরে রাখতে পারেননি পরীমণি। চারপাশের হুটহাট স্লোগান আর উত্তেজনায় ক্ষুব্ধ হয়ে তিনি মঞ্চ থেকে নামার সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ করে নিজের হাতের মধ্যমা আঙুল প্রদর্শন করেন। এই ঘটনার পর পরিস্থিতি আরও বেশি তেতে ওঠে।
পরিস্থিতি বেগতিক দেখে অনুষ্ঠানস্থল ছাড়লেও ভয় পেয়ে যান এই চিত্রনায়িকা। পরে গভীর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে কান্নাকাটি ও ক্ষোভ প্রকাশ করেন তিনি। লাইভে পরীমণি দাবি করেন, গুলশানের মতো এলাকায় তাকে রেস্টুরেন্টের ভেতরে আটকে রাখা হয়েছে এবং উগ্র জনতা তার গাড়ি ভাঙচুর করে গুঁড়িয়ে দিচ্ছে। তিনি নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন এবং জরুরি ভিত্তিতে পুলিশকে কল করেন।
খবর পেয়ে গুলশান থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখতে পায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পরীমণির গাড়িতে কোনো হামলার বা ভাঙচুরের চিহ্ন ছিল না; গাড়িটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল। মূলত অতিরিক্ত আতঙ্ক ও ভীতিকর পরিবেশের কারণে তিনি ঘাবড়ে গিয়েছিলেন। পরবর্তীতে পুলিশের নিরাপত্তায় তাকে উদ্ধার করে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়া হয়।
এই মধ্যরাতের নাটকীয় ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং নেটদুনিয়ায় নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়।