বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া।সিলেট বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা
সিলেটের বিশ্বনাথে ‘সন্ত্রাস বিরোধী আইনে’ নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার ৪৫ জন নেতাকর্মীকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) বিশ্বনাথ থানার এসআই বাবুল সিংহ বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ ও আরোও ২৫ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে মামলাটি দায়ের করেছেন। মামলা নং ১৬ (তাং ১৯.০৮.২০২৬ইং)।
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম রুকনকে প্রধান অভিযুক্ত করে দায়ের করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সদ্য ঘোষিত উপজেলা শাখার অন্যান্য নেতাকর্মীদের অভিযুক্ত করা হয়েছে মর্মে একটি সূত্রে জানা গেছে।
এদিকে মামলা দায়েরের পর পরই থানা পুলিশ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক পদে নয়ন মিয়া (২২)’কে বুধবার (১৯ আগস্ট) রাতেই গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নয়ন পৌর শহরের উত্তর মশুলা (জানাইয়া) গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র। বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গত ১৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের শেখপাড়া গ্রামস্থ উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের সামন থেকে ‘লামাকাজী টু বিশ্বনাথগামী সড়কে’ মশাল হাতে নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বিশ্বনাথ উপজেলা শাখার ব্যানারে এক ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। আর ১৭ আগস্ট থেকে সেই মিছিলের ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর সেই মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সরকারি কার্যক্রম ব্যহত করে উন্নয়ন বাধাঁগ্রস্থ, দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, সন্ত্রাসী কার্যক্রম ও উক্ত কার্যক্রমে অর্থায়ন, অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রমে সহযোগীতা করার অপরাধে মামলার অভিযুক্তরা জড়িত থাকার অভিযোগে থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করা হয়েছে মর্মে মামলার লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।
‘সন্ত্রাস বিরোধী আইনে’ মামলা দায়ের ও একজনকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, নিষিদ্ধ ছাত্র সংগঠনের ব্যানার ব্যবহার করে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। মামলায় এজাহারনামীয় ২০ জন ছাড়াও আরোও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া নয়ন মিয়া নামের এক এজাহারনামীয় অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ (বুধবার) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েন।