আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্ট :
তানোর (রাজশাহী) রাজশাহীর তানোর উপজেলার ঐতিহ্যবাহী বিল কুমারী বিলে আকস্মিক ভারী বর্ষণে তলিয়ে গেছে শত শত বিঘা ফসলি জমি। আজ ৩নে মে রোববার ভোর ৪টা থেকে ৫:৩০ মিনিট পর্যন্ত মাত্র দেড় ঘণ্টার প্রবল বৃষ্টিতে বিলে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। ফসলের এই করুণ দশা দেখে অনেক কৃষকের যেন 'মাথায় হাত' পড়েছে।
সরেজমিনে বিল কুমারী এলাকায় গিয়ে দেখা যায়, ভোরের সেই প্রবল বর্ষণে মুহূর্তের মধ্যেই বিলের নিচু এলাকাগুলো পানিতে থৈ থৈ করছে। অনেক কৃষক যারা ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন বা কেবল কাটা শুরু করেছিলেন, তাদের ধান এখন পানির নিচে। বিলে কর্মরত কৃষকদের চোখে-মুখে দেখা গেছে চরম হতাশা ও দুশ্চিন্তার ছাপ।
বিলের পাড়ে দাঁড়িয়ে থাকা এক কৃষক আক্ষেপ করে বলেন, "ভোররাত থেকে শুরু হওয়া বৃষ্টি আমাদের সব শেষ করে দিল। কষ্ট করে ফলানো ধান এখন পানির নিচে পচছে। এই ক্ষতি আমরা কীভাবে পুষিয়ে নেব জানি না।" ছবিতে দেখা যাচ্ছে, কর্দমাক্ত পানিতে নেমে কৃষকরা তাদের তলিয়ে যাওয়া ফসল রক্ষার আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু পরিস্থিতির ভয়াবহতা তাদের নিয়ন্ত্রণ হার মানিয়েছে।
স্থানীয়দের মতে, বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত না হলে বিলের ধান পচে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগে শুধু ফলন বিপর্যয় নয়, বরং বহু কৃষক ঋণের জালে জড়িয়ে পড়ার শঙ্কায় দিন কাটাচ্ছেন।