নিজস্ব প্রতিবেদক, টেকনাফ::
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন-এর মুন্ডার ডেইল এলাকায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে প্রতারণা ও শারীরিক সম্পর্ক স্থাপনের পর তাকে স্ত্রীর স্বীকৃতি না দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসী যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী তাসলিমা আক্তার টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত তারেক সাবরাং মুন্ডার ডেইল এলাকার সৈয়দ আলমের ছেলে বলে জানা গেছে। অভিযোগে তার মা জহেদা বেগম-সহ আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসে অবস্থানকালে মোবাইল ফোনের মাধ্যমে তাসলিমার সঙ্গে তারেকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে ভিডিও কলের মাধ্যমে তাদের ‘নিকাহ’ সম্পন্ন হয় বলে দাবি করেন ভুক্তভোগী। সে সময় দেশে ফিরে সরকারি কাজী অফিসে আনুষ্ঠানিকভাবে নিকাহনামা সম্পাদন করে ঘরে তুলে নেওয়ার আশ্বাস দেন তারেক।
ভুক্তভোগীর দাবি, সম্প্রতি দেশে ফেরার পর তারেক তাকে বিভিন্ন আত্মীয়ের বাসা ও আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে নিয়ে যান এবং শারীরিক সম্পর্ক স্থাপন করেন। তবে আনুষ্ঠানিকভাবে সংসারে তুলে নেওয়ার বিষয়ে কথা বললে তিনি সময়ক্ষেপণ করতে থাকেন।
অভিযোগে আরও বলা হয়, গত ৬ মে বিকেলে তারেকের কথামতো তাসলিমা তার বাড়িতে গেলে তারেকের মা জহেদা বেগম ও অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জন তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন।
ভুক্তভোগী তাসলিমা আক্তার বলেন, “তারেক আমাকে স্ত্রীর স্বীকৃতি না দিলে আমি সামাজিক ও পারিবারিকভাবে চরম ক্ষতির মুখে পড়ব।” স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে তিনি আইনের আশ্রয় নিয়েছেন বলে জানান।
এ বিষয়ে সাইফুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।