নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বাংলাদেশ বয়লার পরিচারকদের পেশাগত মর্যাদা, অধিকার এবং বিদ্যমান সনদের বৈধতা সুরক্ষায় দায়ের করা একটি রিট পিটিশনের প্রেক্ষিতে আদালতের দেওয়া স্থিতাবস্থা (Status Quo) আদেশের মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধি করা হয়েছে। গত ৬ জুলাই ২০২৬ তারিখে এই আদেশ প্রদান করেন হাইকোর্ট।
বয়লার আইন, ২০২২-এর ১২ ধারাকে চ্যালেঞ্জ জানিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এই রিট পিটিশনটি (নং-১০২৪৩/২০২২) দায়ের করা হয়। বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশনের তৎকালীন কার্যকরী সভাপতি মো: শহীদুল ইসলাম মিলন ভূঁইয়ার নেতৃত্বে সংগঠনের ৫৪ জন বয়লার অপারেটর এই রিট আবেদনে প্রধান আবেদনকারী হিসেবে যুক্ত রয়েছেন। আবেদনকারীদের পক্ষে মামলাটি পরিচালনা করছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো: সাইফুর রহমান।
উল্লেখ্য, রিট পিটিশনটির বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন। এ পরিস্থিতিতে দেশের সকল শিল্পপ্রতিষ্ঠান, কারখানা মালিক, মানবসম্পদ বিভাগ (HR) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে যে, বয়লার পরিচারকদের সনদ, পদমর্যাদা ও চাকরিকালীন অবস্থান সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আদালতের চলমান নির্দেশনার বিষয়টি যেন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। একই সঙ্গে, কোনো প্রকার অযৌক্তিক হয়রানি কিংবা বৈষম্যমূলক প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশন তাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করে যে, তারা আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল এবং দেশের আইন ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারবদ্ধ।
উল্লেখ্য, ২০২২ সালে এই আইন চ্যালেঞ্জ করে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বয়লার পরিচারকদের অংশগ্রহণে এক বৃহৎ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সাবেক শিল্পমন্ত্রী দিলিপ বড়ুয়া-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বয়লার পরিচারকদের ন্যায্য দাবির প্রতি সংহতি প্রকাশ করেছিলেন।